খাগড়াছড়িতে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিসিক কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিসিক খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. আলী আল রাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২৫ জন নবীন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, প্রকল্প প্রস্তাব পরিকল্পনা ও প্রণয়ন, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত প্রাথমিক ধারণা, মার্কেট ডেভেলপমেন্ট, বিপণন কৌশল ও বিশ্লেষণ, ব্যবসা নির্বাচন, আর্থিক বিশ্লেষণ, SWOT অ্যানালাইসিস এবং ব্যাংক ঋণ গ্রহণসহ ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপটে উদ্যোক্তা তৈরির জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও দক্ষতা থাকলে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে তরুণরা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাসী হয়ে নিজেদের উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে যাবেন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং বিসিক কার্যালয়ে পরিচালিত তাঁত শিল্পের কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় তাঁত শিল্পের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।



