খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে নজরুল বর্ষের সাংস্কৃতিক আয়োজন শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।

 

 

সোমবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। একই দিন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নৃত্য ও সংগীতশিল্পীরা অংশ নেন। নজরুলের কবিতা, গান ও নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।ইউএনও ফারিয়া সুলতানা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে উদার, সহনশীল ও মানবিক সমাজ গঠনে পথ দেখাতে পারে।

 

 

তিন দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এর মাধ্যমে নজরুলের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Related Articles

Back to top button