খাগড়াছড়িতে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন ৬৪ অবসরপ্রাপ্ত শিক্ষক

খাগড়াছড়িতে দীর্ঘদিনের চাকরিজীবন শেষে অবসর নেওয়া ৬৪ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে যুক্ত হয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে জানানো হয়, জেলার ৬৪ জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন। এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, , জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




