Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটি

কাপ্তাই ব্যাটালিয়ন ২৬৭ ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে

রাঙামাটি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২টি জেলার ৭টি উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস।

 

 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, সংসদীয় আসন-২৯৯ রাঙামাটি জেলার কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় প্রতিটিতে একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করে মোট ৮০টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকার অধিকাংশই দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় নির্বাচন কার্যক্রম চ্যালেঞ্জিং হলেও বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

 

 

তিনি আরও জানান, কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েন করা হবে।

 

 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটার নিরাপত্তা এবং ভোটাধিকার নিশ্চিত করতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কে-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স (QRF) যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।

 

 

এ সময় কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button