উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ

ফটিকছড়ি , চট্টগ্রাম :
প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলায় হারুয়ালছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্তির ষড়যন্ত্র ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল, শনিবার রাতে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় পেশাজিবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন একটি স্বার্থান্বেষী মহল চেয়ারম্যানের ১৭ বছরের উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরো বলেন, ফটিকছড়ি বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি উপজেলা। এতদাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিল ‘উত্তর ফটিকছড়ি’ নামে আরো একটি উপজেলা প্রতিষ্ঠা করা।
ইতিমধ্যে সরকার ফটিকছড়ি উপজেলাকে ভেঙ্গে উত্তর ফটিকছড়ি নামে নতুন একটি উপজেলা গঠনে প্রশাসনিক কার্যক্রম শুরু করে দিয়েছে।
এমতাবস্থায় উপজেলা সদর দপ্তর ভূজপুর থানা কেন্দ্রীক না করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। মুলত কুচক্রি মহলটির আসল উদ্দেশ্য হচ্ছে নতুন উপজেলা গঠনকে যে কোন উপায়ে বাঁধাগ্রস্থ করা।
স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমানের সভাপতিত্ব এবং এডভোকেট মীর মো. ফেরদৌস আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, অধ্যাপক নাজিমুল করিম, প্রভাষক মোহাম্মদ হামিদুল্লাহ, ডা. আহমদ রহিম, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন চৌধুরী, সমাজ সেবক মোহাম্মদ আব্দুর রহিমসহ ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ। পরে এক বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।




