পার্বত্য অঞ্চলরাঙ্গামাটি

আহত পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে গুরুতর আহত এক পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান।

 

 

শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নাম্বারবিহীন একটি সিএনজি হঠাৎ ব্রেক ফেল করে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করায় স্থানীয় বাসিন্দা ও উপস্থিত পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

 

পাহাড়ি অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদানে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা কুড়িয়েছে।

Related Articles

Back to top button