পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

আলীকদমে অসুস্থ ও অসহায়দের পাশে ৫৭ বিজিবি

অনাথ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় গুরুতর অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং অনাথ শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

 

 

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এসব সহায়তা প্রদান করেন।

 

 

অনুষ্ঠানে আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নের শারীরিকভাবে অক্ষম ও গুরুতর অসুস্থ ১৩ জন ব্যক্তির হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে চারজন অনাথ শিক্ষার্থীর হাতে লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর মাঝে নিয়মিত চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে বাহিনীটি পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সহমর্মিতা জোরদারে কাজ করে যাচ্ছে।

 

 

উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন থানচি উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ১০টি বিওপি ক্যাম্প পরিচালনার দায়িত্বও পালন করছে।

 

 

অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button